মানুষের জীবনমাত্রই জন্ম ও মৃত্যুর মাঝখানে স্বল্পকালীন পথচলার একটি সূক্ষ্ম সাঁকো। এটি এমন একটি পথ, যার সুনির্দিষ্ট একটি গন্তব্য আছে কিন্তু তা বড়ই পিচ্ছিল, সরু, বন্ধুর, কণ্টকাকীর্ণ ও পরীক্ষাপূর্ণ। এই স্বল্পকালীন হ্রস্বজীবনে নিত্য অনিশ্চয়তা নিয়ে বেঁচে থাকি আমরা।
দুনিয়ার বুকে আমার একাকী পথচলা। কিন্তু কখনো কি ভেবেছি, আমার পরিচয় কি? আমার সৃষ্টি কেন? আমার কাঙ্ক্ষিত গন্তব্যটিই-বা কোথায়?
আমরা অধিকাংশই অজ্ঞতা বা কালের জরাজীর্ণ পুঁতিদুর্গন্ধময় মতাদর্শের কবলে পড়ে ভুল পথটি অনুসরণ করে হাজার রকমের অশান্তি, দুঃখ-দুর্দশা ও বিপর্যয়-বিপত্তির মুখোমুখি হই। কেউ আবার সত্য ও সঠিক পথটি অনুসরণের মাধ্যমে জীবনকে সুন্দর, শোভিত ও পুষ্পিত করেছি। পেয়েছি মানবীয় জীবনে প্রশান্তি ও মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি। আমাদের উদ্দেশ্য সম্মানিত পাঠককে সেই কাঙ্ক্ষিত পথ বা মঞ্জিলটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।
এ গ্রন্থে ইসলামি তথা বাস্তবোচিত বিজ্ঞানপূর্ণ বিবেকী দৃষ্টিকোণ থেকে আমার পরিচয়, আমার সৃষ্টি, আমার গন্তব্য, জীবনের মানে, প্রকৃত সফলতা সম্পর্কে এবং আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া উত্তম গুণাবলি, শিষ্টাচার, সৌজন্যবোধ, দায়িত্ব ও কর্তব্যনিষ্ঠা প্রভৃতি অনুষঙ্গে কিছু মৌলিক প্রশ্ন ও তার সদুপায় বা সদুত্তর নিয়ে আলোকপাত করা হয়েছে। সেই সঙ্গে মানুষের নিন্দনীয় দিকগুলো, ভয়াবহ সামাজিক ব্যাধি এবং তার প্রতিকার বা সুপরামর্শ নিয়েও সবিস্তার বিবৃত করা হয়েছে।
সর্বোপরি, এই গ্রন্থটি আমাদের জীবনের অমেয় পাথেয় ও প্রকৃত মানুষ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদাটি খুঁজে পেতে সহযোগিতা করবে।

digitalh –
best